কক্সবাজারের উখিয়া সীমান্তে পৃথক তিনটি সফল অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় কাউকে আটক করতে পারেনি।
সোমবার (৪ মে) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। বিজিবি জানায়, পালংখালী ও হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারীরা অভিনব কৌশলে ইয়াবা পাচারের চেষ্টা চালায়। তবে প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে তাদের গতিবিধি শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের মধ্যে পালংখালী বিওপির উলুবনিয়া মাঝেরকাটি ও পশ্চিমপাড়া ব্রিজ এলাকায় দুইটি পৃথক অভিযানে মোট ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে একটি অভিযানে ৭০ হাজার এবং অপরটিতে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া হোয়াইক্যং বিওপির ক্যারেঙ্গাঘোনা এলাকায় আরেকটি অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, তিনটি অভিযানে মোট ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, কক্সবাজার অঞ্চলের সীমান্তে মাদক পাচার রোধে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও বাড়ানো হবে।
এফপি/জেএস