রামু থানার অপহরণ ও চুরির মামলার প্রধান আসামি মোঃ আরিফ উল্লাহকে (২৬) ঢাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার দেখানো মতে নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, একটি অপহরণ মামলার প্রধান আসামি আরিফ উল্লাহকে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ঢাকার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেন রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি অপহরণ ও ৩২ লাখ টাকা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের ইপিজেড থানাধীন নিউমুরিং এলাকা থেকে নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রামু থানার পুলিশ আরও জানায়, চুরি হওয়া বাকি টাকা তার ভাই মোঃ নাসিরের কাছে রয়েছে বলে আসামি স্বীকার করেছে। নাসির চট্টগ্রাম ইপিজেড এলাকায় একটি মোবাইল ফোনের দোকান পরিচালনা করেন। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
এদিকে, ভুক্তভোগী গত ২৬ এপ্রিল অপহরণের শিকার হওয়ার বিষয়টি আদালতে জবানবন্দি দিয়ে স্বীকার করেছেন।
গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ। তিনি বলেন, মামলার অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এফপি/জেএস