Dhaka, Saturday | 21 March 2026
         
English Edition
   
Epaper | Saturday | 21 March 2026 | English
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদের ৫ জামাত
রাজধানীতে জুমাতুল বিদায় বৃষ্টির বাগড়া
শোলাকিয়ার মুসল্লিদের জন্য থাকছে ঈদ স্পেশাল ট্রেন
শিরোনাম:

অবশেষে বাংলাদেশ-পাকিস্তান প্রসঙ্গে মুখ খুললেন আইসিসি প্রধান

প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১:১৭ পিএম  (ভিজিটর : ৫২)

সদ্য শেষ হওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে অংশগ্রহণকারী দল ও ভেন্যু নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা নিয়ে প্রথমবার প্রকাশ্যে কথা বলেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তার ভাষায়, আন্তর্জাতিক ক্রিকেটে কোনো নির্দিষ্ট দল নয়, সবার ওপরে আইসিসিই।

শনিবার মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া বিজনেস লিডার অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠানে ক্রিকেটে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু স্পোর্টস’ পুরস্কার পান জয় শাহ। সেখানেই তিনি সাম্প্রতিক বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং সাফল্যের বিষয়গুলো তুলে ধরেন।

এবারের বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ ও পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছিল। ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে দল পাঠাতে রাজি হয়নি বাংলাদেশ। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সেই প্রস্তাব গ্রহণ করেনি আইসিসি, পরে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে দলে নেওয়া হয়।

এরপর পাকিস্তান সরকারও বাংলাদেশের প্রতি অবিচারের অভিযোগ তুলে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ না খেলার ঘোষণা দেয়। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলেও পরে লাহোরে আইসিসি, পিসিবি ও বিসিবির বৈঠকের পর সিদ্ধান্ত পরিবর্তন করে পাকিস্তান।

এই প্রেক্ষাপটের দিকেই ইঙ্গিত করে জয় শাহ বলেন, ‘আইসিসির জন্য এবারের বিশ্বকাপটি গুরুত্বপূর্ণ ছিল। কারণ টুর্নামেন্ট শুরুর আগে অনেক মানুষ আলোচনা করছিলেন এই এই দল খেলবে কি না, টুর্নামেন্টটি কীভাবে আয়োজিত হবে।’

আইসিসির অবস্থান স্পষ্ট করে তিনি আরও বলেন, ‘আইসিসি চেয়ারম্যান হিসেবে আমি বলতে পারি যে, কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়, কোনো একটি একক দল সংস্থা তৈরি করে না। সংস্থা হলো সকল দলের একটি সমন্বয়।’

টুর্নামেন্টের সাফল্যের প্রসঙ্গ তুলে জয় শাহ জানান, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দর্শকসংখ্যার দিক থেকে নতুন রেকর্ড গড়েছে। তার তথ্য অনুযায়ী, একসময় একযোগে সর্বোচ্চ ৭২ লাখ দর্শক ম্যাচ দেখেছেন, যা আইসিসি টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম বড় সংখ্যা ক্রিকেট ম্যাচ।

অনুষ্ঠানে ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি। অলিম্পিক আয়োজনের জন্য ভারতকে পরামর্শ দেন তিনি। দীর্ঘমেয়াদি প্রস্তুতির ওপর জোর দিয়ে জয় বলেন, ‘সংগঠক হিসেবে আমার ১৭ বছরের অভিজ্ঞতায় এটা শিখেছি যে, নিচ থেকে শিখরে পৌঁছাতে বছরের পর বছর সময় লাগে, কিন্তু শিখর থেকে নিচে নামতে লাগে মাত্র কয়েক মাস। তাই কঠোর পরিশ্রম অব্যাহত রাখুন এবং নিজেদের পারফরম্যান্স ধরে রাখুন।’

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝