ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৫২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন পেয়েছেন ৪৯ হাজার ৬৪৪ ভোট।
বৃহস্পতিবার রাত ১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান স্বাক্ষরিত এ ফলাফল ঘোষণা করা হয়।
এছাড়া বিজয়ী প্রার্থীদের মধ্যে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ১ লাখ ৪০ হাজার ৩০৫ ভোট পেয়ে বিজয় লাভ করেন। এ আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দাউদকান্দি উপজেলা জামায়াতের আমির মনিরুজ্জামান বাহালুল পেয়েছেন ৯০ হাজার ৪৯৯ ভোট।
কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া ৭৬ হাজার ২৬৮ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান পেয়েছেন ৬২ হাজার ৩৮৫ ভোট।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ১ লাখ ৫৮ হাজার ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দলটির কুমিল্লা উত্তর জেলা কর্মপরিষদ সদস্য ও মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল। তিনি পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৮০ ভোট।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী মো. জসিম উদ্দিন ১ লাখ ৩২ হাজার ৬৭০ ভোট পেয়ে বিজয়ী হন। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মোবারক হোসেন পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৫০১ ভোট।
কুমিল্লা-৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণ) আসনে ১ লাখ ৯৯ হাজার ৩৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী দলের চেয়ারপারসনের উপদেষ্টা মো. মনিরুল হক চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ২২৬ ভোট।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিজয়ী হয়েছেন দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আতিকুল আলম শাওন। তিনি পেয়েছেন ৯০ হাজার ৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ পেয়েছেন ৪৭ হাজার ৯২৫ ভোট। ড. রেদোয়ান সর্বশেষ এলডিপি মহাসচিবের পদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েই দলের মনোনয়ন লাভ করেন। এতে ওই আসনে দলটিতে বিদ্রোহ দেখা দেয়। বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনকে বহিস্কার এবং পরে শাওনের নেতৃত্বাধীন উপজেলা বিএনপির কমিটিও বিলুপ্ত করা হয়।
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন ১ লাখ ৬৭ হাজার ৪৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মো. শফিকুল আলম হেলাল পেয়েছেন ৪১ হাজার ৩৪৫ ভোট।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১ লাখ ৬৮ হাজার ১০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ সরওয়ার উদ্দিন ছিদ্দিকী পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪৫৪ ভোট।
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া ১ লাখ ১০ হাজার ৬৯০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ইয়াসিন আরাফাত পেয়েছেন ৭৫ হাজার ২৮৪ ভোট।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ১ লাখ ৩৩ হাজার ৩০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. কামরুল হুদা পেয়েছেন ৭৬ হাজার ৬৩৮ ভোট।
এফপি/জেএস