ঢাকার বাড্ডা থানাধীন একটি গ্যারেজ থেকে চুরি হওয়া একটি ইজিবাইক সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকার বাড্ডা থানাধীন পূর্বাঞ্চলের পানির পাম্পের পেছনে অবস্থিত একটি গ্যারেজ থেকে একটি ইজিবাইক চুরি হয়। পরে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে চুরি হওয়া ইজিবাইকটি বিক্রির উদ্দেশ্যে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারের জান্নাত অটো হাউজে এনে রাখা হয়।
এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয় জনতা গাইবান্দা সদর উপজেলার ভবানীপুর গ্রামের সাগর মন্ডল (২৮) এবং ধর্মপাশা উপজেলার কুর্শিবাড়ী গ্রামের এন্টাস মিয়া (২৭)কে আটক করে পুলিশকে খবর দেন।
ধর্মপাশা থানার এসআই সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করে এবং আটক দুইজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ধর্মপাশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার বিকেলে গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এফপি/জেএস