Dhaka, Sunday | 18 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 18 October 2026 | English
শিরোনাম:

রাজশাহীতে দুর্গাপূজার নিরাপত্তা দেখতে মণ্ডপে মণ্ডপে ইউএনও

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:৫৭ এএম  (ভিজিটর : ২৬)

রাজশাহীর তানোরে শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা দেখতে মণ্ডপে মণ্ডপে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান। 

শনিবার (১৭ অক্টোবর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজার আয়োজন, নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শিব শংকর বসাক।

উপজেলা সূত্রে জানা গেছে, তানোরের সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় এবার মোট ৫৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। উৎসবকে কেন্দ্র করে মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজ নিতে মাঠপর্যায়ে এ পরিদর্শন করেন প্রশাসনের কর্মকর্তারা।

পরিদর্শনকালে ইউএনও নাঈমা খান ও সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গেও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁরা পূজামণ্ডপের পরিবেশ, উৎসবের আয়োজন ও স্থানীয় পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।

এ ছাড়া সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রশাসনের কর্মকর্তারা। সরকারের পক্ষ থেকে তাঁদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানানো হয়। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্‌যাপন এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ইউএনও নাঈমা খান বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। পূজামণ্ডপগুলো পরিদর্শনের মাধ্যমে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হচ্ছে।

মন্দির পরিচালনা কমিটির একাধিক সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, পূজার আয়োজন ও সার্বিক পরিস্থিতি নিয়ে তাঁরা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। পরিদর্শনের সময় কর্মকর্তারা তাঁদের খোঁজখবর নেন এবং উৎসবের পরিবেশ সম্পর্কে অবহিত হন। শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়দের পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও তাঁরা মনে করেন।

এদিকে, প্রতিবেদন লেখা পর্যন্ত তানোর উপজেলার সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে বলে জানা গেছে। উপজেলার ৫৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব ঘিরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মন্দির পরিচালনা কমিটি ও স্থানীয় বাসিন্দাদের সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ।

তানোরের বিভিন্ন এলাকায় পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে দুর্গোৎসব উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝