বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বক পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলন বলেন, “বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। সুনামগঞ্জ জেলাতেও বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে।”
তিনি বলেন, “আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একই সঙ্গে সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।”
তিনি আরও বলেন, “সুনামগঞ্জবাসীর কল্যাণে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামী দিনগুলোতেও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে জনগণের সুখ, শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে আমরা সচেষ্ট থাকব। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে এটিই আমাদের অঙ্গীকার।”
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ও জেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাডভোকেট শেরেনুর আলী, আনিসুল হক, জেলা বিএনপি নেতা সোহেল মিয়া, সদর থানা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল হাসান জুনেদ, যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন, যুগ্ম আহ্বায়ক সুহেল আহমেদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সদস্য নুর জালাল মন্টি, সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু, সদস্য সচিব অ্যাডভোকেট দীপংকর বনিক সুজিত, সুনামগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বর্ণাঢ্য শোভাযাত্রায় জেলা বিএনপি নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এফপি/র