ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ভালুকা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ভালুকা উপজেলা বিএনপির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য মোস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে র্যালিটি উপজেলার সিডস্টোর আলহাজ্ব শহিদুল ইসলাম আড়ৎ বাজারের সামনে থেকে শুরু হয়।
পরে র্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য মোস্তাফিজুর রহমান মামুন।
বক্তব্যে তিনি বিএনপির গৌরবোজ্জ্বল ইতিহাস, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের কথা তুলে ধরে বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় ভালুকা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল এবং শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এফপি/র