নওগাঁর মান্দায় ১২৮ শহীদের স্মরণে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় চত্বরে শহীদ পরিবার কল্যাণ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ পরিবার কল্যাণ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোজাহিদ প্রামাণিক।
আয়োজকরা জানান, ১৯৭১ সালের ২৮ আগস্ট ঐতিহাসিক পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাকাণ্ডে ১২৮ জন সাধারণ মানুষ শহীদ হন। ওই গণহত্যায় নিহতদের স্মরণে প্রতিবছর ২৮ আগস্ট আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, বিএনপি নেতা নূরবক্স মন্ডল, মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, ভারশোঁ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী কাবুল, সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন চারু, সাবেক সভাপতি মোজাম্মেল হক, পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাসির উদ্দীন, মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি এরফান আলী মিয়া, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল এবং সাধারণ সম্পাদক ওবায়দুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ, বিদ্যালয়ের শিক্ষক, শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের কথা স্মরণ করে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে ১২৮ শহীদসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সব শহীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অপরদিকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এফপি/অ