সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৩ হাজার ৮৫০ কেজি ফুচকা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার পলাশ বাজার এলাকায় বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গোয়ালচামাত এলাকার শেখ মো. ফারুকের ছেলে আরিফ শেখ (৩৪) এবং একই উপজেলার পশ্চিম খাবাসপুর এলাকার আব্দুল করিম ফকিরের ছেলে জিহাদ ফাকির (৩৪)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে পলাশ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। ভ্যানটিতে থাকা ১১০টি প্লাস্টিকের বস্তা থেকে ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ছিল ৩৫ কেজি করে ফুচকা। মোট জব্দ করা হয় ৩ হাজার ৮৫০ কেজি ফুচকা।
পুলিশের হিসাব অনুযায়ী, জব্দ করা ফুচকার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা। পণ্য পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১৬-৯৭৭৮ নম্বরের কাভার্ডভ্যানটির আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। ফুচকা ও কাভার্ডভ্যানসহ জব্দ করা আলামতের মোট মূল্য প্রায় ৬৫ লাখ ৪০ হাজার টাকা।
অভিযানে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. মাহমুদুল হাসান, এএসআই খাদেমুল ইসলাম এবং কনস্টেবল ফরিদ মিয়া, দীপক মুন্ডা ও মোশারফ হোসেন অংশ নেন।
ডিবি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এফপি/ফ