পিরোজপুরের কাউখালীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের আসপর্দ্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আসপর্দ্দি এলাকার মো. আনিচ খাঁর ছেলে মো. শহিদুল ইসলাম (৪০) এবং চিরাপাড়া পারসাতুরিয়া (গুচ্ছগ্রাম) এলাকার মো. মিরন হাওলাদারের ছেলে মো. দিদার (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এএসআই মো. মাসুদ আল মামুন ও এএসআই খাইরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল আসপর্দ্দি এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ শহিদুল ইসলামকে আটক করে দেহতল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবা উদ্ধার করে। একই অভিযানে দিদারের কাছ থেকে আরও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। শুক্রবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “কাউখালী থানাকে মাদকমুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসপর্দ্দি থেকে দুই মাদক কারবারিকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”