মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় ককটেলসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় মো. হোসেন আলী ওরফে ‘বোমা হোসেন’ (৫০) নামে এক ব্যক্তিকে কুমিল্লার নাঙ্গলকোট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গাংনীর পূর্ব মালসাদাহ গ্রামের বাড়ি থেকে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পূর্ব মালসাদাহ গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁর দেখানো স্থান থেকে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হোসেন আলী পূর্ব মালসাদাহ গ্রামের মৃত ওহিল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে ককটেলসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে এসব ঘটনায় হোসেন আলীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করা হয়।
পুলিশ আরও জানায়, হোসেন আলীর বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ মোট সাতটি জিআর ওয়ারেন্ট রয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ককটেলসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্তের ধারাবাহিকতায় হোসেন আলীকে কুমিল্লার নাঙ্গলকোট থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী নিজ বাড়ি থেকে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ সাতটি জিআর ওয়ারেন্ট রয়েছে।
এফপি/ফ