পিরোজপুরের কাউখালীতে ভাত কম রান্না করাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে লাঠি দিয়ে মাথায় ও কানে আঘাত করার অভিযোগ উঠেছে ছেলে সুজন বালা (৩০)-এর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন কানন বালা (৬৫) নামে ওই নারী মারা গেছেন।
রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত কানন বালা ওই গ্রামের সুনীল বালার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে বাড়ির বাইরে থেকে ফিরে ভাত খেতে বসেন সুজন বালা। এ সময় পাতিলে ভাত কম দেখতে পেয়ে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে সুজন ঘরের দরজার ডাসা দিয়ে মা কানন বালার মাথা ও কানে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘরের মধ্যে পড়ে থাকেন।
পরে সোমবার ভোরে সুজন ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের সহায়তায় আহত কানন বালাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কানন বালার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই প্রদীপ মিস্ত্রী বুলু বাদী হয়ে কাউখালী থানায় মামলা করেন।
কাউখালী থানার ওসি (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা জানান, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে সুজন বালাকে গ্রেপ্তার করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এফপি/ফ