Dhaka, Wednesday | 23 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 23 September 2026 | English
শিরোনাম:

সুনামগঞ্জে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১০:১১ এএম  (ভিজিটর : ১১৭)

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাড়ির সামনের ডোবার পানিতে ডিঙি নৌকা চালাতে গিয়ে পানিতে পড়ে পাঁচ বছর বয়সী ছোট ভাই সাহাদ মিয়া ডুবে যায়। তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় নয় বছর বয়সী বড় বোন রাবিয়া আক্তার। পরে ডোবার পানিতে ডুবে দুই ভাই-বোনেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেল পাঁচটার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—চকিয়াচাপুর গ্রামের কৃষক মো. সারোয়ারের মেয়ে রাবিয়া আক্তার (৯) ও ছেলে সাহাদ মিয়া (৫)। রাবিয়া স্থানীয় চকিয়াচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং সাহাদ একই বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। তারা আপন ভাই-বোন। পরিবারের স্বজনরা জানান, দুই শিশুর কেউই সাঁতার জানত না।

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিকেল চারটার দিকে রাবিয়া ও সাহাদ বাড়ির সামনের ঘাটে থাকা একটি ডিঙি নৌকা নিয়ে ডোবার পানিতে ভাসিয়ে চালাতে যায়। একপর্যায়ে সাহাদ নৌকা থেকে ডোবার পানিতে পড়ে যায়। ছোট ভাইকে বাঁচাতে সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেয় বড় বোন রাবিয়া। কিন্তু সাঁতার না জানায় দুজনই পানিতে ডুবে যায়।

পরে বিকেল পাঁচটার দিকে স্থানীয়রা ডোবার পানি থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে তাদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে আছি। আপন দুই ভাই-বোনের মৃত্যু নিয়ে পরিবারের পক্ষ থেকে কারও কোনো অভিযোগ নেই।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝