গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা পরিষদের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। সভা পরিচালনা করেন বিএনপি নেতা ইকবাল হোসেন। এ সময় উপজেলা ও জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, “ক্ষমতার বড়াই করতে নেই।” তিনি আরও বলেন, “অহেতুক রাজপথ গরম করার চেষ্টা করবেন না। জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন।”
স্বাধীনতার ঘোষণার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “স্বাধীনতার ঘোষণা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।” একই সঙ্গে তিনি দাবি করেন, “বিএনপি পালিয়ে যাওয়ার দল নয়।”
তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই রাজনৈতিক সফলতা আসে।
মন্ত্রী তাঁর কর্মসূচি শেষ করার পর একই স্থানে ১১ দলীয় ঐক্যজোটের ব্যানারে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পৃথক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এফপি/র