দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের হাসখোলা বিল এবং কুশদহ ইউনিয়নের বিভিন্ন উন্মুক্ত জলাশয় থেকে জব্দ করা ১,৮০০ মিটার অবৈধ চায়না দুয়ারী (শয়তান) জাল পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ।
সোমবার (২৭ জুলাই) দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য অফিসের নিয়মিত অভিযানের অংশ হিসেবে জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক এবং নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, চায়না দুয়ারী বা শয়তান জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের জালে ছোট-বড় সব ধরনের মাছ ও অন্যান্য জলজ প্রাণী আটকা পড়ে, ফলে প্রাকৃতিক মৎস্যসম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং আইন বাস্তবায়নের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার বলেন, অবৈধ জাল ব্যবহার করে কেউ যাতে জলাশয়ে মাছ আহরণ করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মৎস্যসম্পদ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
এফপি/র