ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের হিজুলিয়াকান্দি গ্রামের পুত্রবধূ সামিয়া আক্তারের হত্যার বিচার এবং অভিযুক্ত স্বামী রোমান মিয়া ও তার সহযোগীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার পাহাড়িয়াকান্দি বাজারে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন। এসময় বক্তারা সামিয়া হত্যার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ মে সামিয়া আক্তারের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, স্বামী রোমান মিয়া ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে সামিয়াকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করেন। পরে বিষয়টি ধামাচাপা দিতে তাকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক পর্যবেক্ষণেও ঘটনাটি সন্দেহজনক বলে উল্লেখ করা হয় বলে দাবি করেন স্বজনরা।
এবিষয়ে পাহাড়িয়াকান্দি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পিন্টু তালুকদার বলেন, “আমরা মূল আসামী রোমানের গ্রেফতার চাই। পুলিশ চাইলে সবাই সম্ভব,আমরা আশা করবো সামিয়ার পরিবারের সন্তুষ্টির জন্য অবিলম্বে মূল আসামীকে পুলিশ গ্রেফতার করবে।অন্যথায়,আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষনা করবো।”
মানববন্ধনে বক্তব্য দেন, পাহাড়িয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন সবুজ, এসময় উপস্থিত ছিলেন, পাহাড়িয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন সবুজ, শহর আলী মেম্বার, হিরন মেম্বার, বিএনপি নেতা মনির হোসেন বেপারী, বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এনামুল হক, বিএনপি নেতা অবিদ মিয়া,পাহাড়িয়াকান্দি ইউনিয়ন সেচ্ছাসেবক দল এর সদস্য সচিব আল-আমিন, ছাত্রনেতা রুবেল,হোসাইন সরকার, বেবী আক্তার, লিলি বেগম,রুমা আক্তারসহ আরো অনেকে।
এ ব্যাপারে নিহত সামিয়ার মা বলেন, আমার মেয়েকে মেয়ের জামাই রোমান ও তার সহযোগীরা হত্যা করে বিষয়টি ধামাচাপা দিতে তারা আত্মহত্যা করেছে বলে নাটক করে। আমার মেয়ের হত্যার বিচার চাই।
পাহাড়িয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন সবুজ বলেন ,“আমাদের পাহাড়িয়াকান্দি গ্রামের মেয়ে সামিয়ার সঙ্গে হিজুলিয়া কান্দি গ্রামের রোমান মিয়ার বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছিল বলে আমরা জানতে পেরেছি। ২৯ মে তাকে হত্যা করে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। আমরা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত তথ্য উদ্ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াসিন (৩জুন) সামিয়া হত্যাকান্ড প্রসঙ্গে বলেন, “আমরা প্রধান আসামি মৃত সামিয়ার স্বামী রোমানের মা'কে গ্রেফতার করেছি। রোমানকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে।”
এফপি/অ