Dhaka, Friday | 24 July 2026
         
English Edition
   
Epaper | Friday | 24 July 2026 | English
শিরোনাম:

তানোরে নানীর মরদেহ উদ্ধার, নাতির বিরুদ্ধে হত্যার অভিযোগ

প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১০:০০ এএম  (ভিজিটর : ৪১)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের ছাঐড় মোহাম্মদ আলীপুর গ্রামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত সোনাভান (৬৯) নামের ওই বৃদ্ধার নাতি সবুজ (১৭)-এর বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

সোমবার (২ জুন) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত সোনাভান ওই গ্রামের মৃত কবির হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাভান দীর্ঘদিন ধরে তার নাতিদের সঙ্গে বসবাস করতেন। ঘটনার দিন দুপুরে তিনি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তার নাতি সবুজ বাড়ি থেকে বের হয়ে গেলে তিনি তার পেছনে যান। পরে গ্রামের একটি খালের পাশ থেকে তার মরদেহ পাওয়া যায়।

স্থানীয়দের অভিযোগ, পারিবারিক ও জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। তারা দাবি করেন, বৃদ্ধাকে হাত-পা বেঁধে খালে ফেলে দেওয়া হয়েছিল। তবে এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত করেনি পুলিশ।

এলাকাবাসী জানান, সবুজের পিতা এমরাদুল ইসলাম। সবুজ কিছুদিন বিদেশে ছিলেন। দেশে ফিরে আসার পর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলেও স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন। তবে এ বিষয়ে কোনো চিকিৎসা-সংক্রান্ত তথ্য বা সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝