যুব সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে মানব কল্যাণ ফাউন্ডেশন “শেষ ঠিকানা”। পবিত্র ঈদুল আযহার ৫ম দিনে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া সংলগ্ন বেহুলা নদীতে অনুষ্ঠিত হয়েছে ১০ম ঐতিহাসিক উড়িবুনিয়া তালুকদারবাড়ী কলার ভেলা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠান।
সোমবার (১ জুন) বিকেল ৪টায় বেহুলা নদীর তীরে তালুকদারবাড়ী এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে শত শত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার জন্ম দেয়।
অনুষ্ঠানটি আয়োজন করে “শেষ ঠিকানা” মানবকল্যাণ সংস্থা এবং সার্বিক সহযোগিতা করে এলাকার যুব সমাজ। সংগঠনটির আহ্বায়ক সুলতান মাহমুদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের শিল্পবিষয়ক সম্পাদক নরুল আলম বিপ্লব, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও স্থানীয় বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম, ‘সবার আগে বলদিয়া’ টিমের সভাপতি মো. মাসুদ পারভেজ এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কিবরিয়া।
এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যদের সক্রিয় সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদকমুক্ত ও সামাজিকভাবে সচেতন রাখতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে এবং কলার ভেলার পরিবর্তে আগামী বছর থেকে এখানে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজনের আশ্বাস দেন উপস্থিত অতিথিরা।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয়রা এ আয়োজনকে এলাকার ঐতিহ্য সংরক্ষণ এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করে সংগঠনের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য এই স্বেচ্ছাসেবী সংগঠন কোন অসহায় মানুষ যদি মারা যান তাদের দাফন কাফনের ব্যবস্থা করে এবং অসহায় দুস্ত শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সহযোগিতা করে থাকে। সংগঠনে আয়ের উৎস প্রতিদিন সংগঠনের নামে এক টাকা সঞ্চয় করা।
এফপি/অ