“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেছারাবাদ উপজেলায় শুরু হয়েছে ভূমিসেবা মেলা-২০২৬। উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী এ মেলা স্থানীয় জনগণের মাঝে ভূমি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সহজে সেবা প্রদানের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত দত্ত। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এ আয়োজন বাস্তবায়িত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে মুক্তি যোদ্ধা ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনসচেতনতা মূলক সভা, সেমিনার ও গণশুনানি, যেখানে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান ও পরামর্শ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান। প্রানী সম্পদ কর্মকর্তা তাপস কুমার ঘোষ, স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম ফরিদ, স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মঈনুল হাসান, জামায়াতের সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ। এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সেবাগ্রহীতা ও স্থানীয় সুধীজন।
মেলায় সাধারণ মানুষের জন্য প্রদর্শন ও সরাসরি সেবার ব্যবস্থা রাখা হয়েছে। স্টলগুলোতে ডিজিটাল ভূমি সেবা, নামজারি, অনলাইনে খতিয়ান সংগ্রহ, ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান যাচাই, মিসকেস নিষ্পত্তিসহ নানা আধুনিক ও জরুরি সেবা সম্পর্কে অবহিত করা হচ্ছে। একইসঙ্গে দ্রুত ও স্বচ্ছ সেবা পেতে স্থানীয়দের মেলার স্টলগুলো থেকে সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে সাধারণ জনগণ ভূমি সংক্রান্ত নানা সেবা এক জায়গায় সহজেই পেয়ে উপকৃত হবে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সচেতনতা আরও বাড়বে।
উল্লেখ্য, নেছারাবাদ উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত এ ভূমি মেলা আগামী তিন দিনব্যাপী চলবে।
এফপি/জেএস