গাজীপুরের টঙ্গীর বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় মাদক কারবারীদের বাড়ি চিহ্নিত করে লাল রং করে দেওয়া হয়।
সোমবার রাত থেকে মঙ্গলবার (৫ মে) দুপুর পর্যন্ত টঙ্গীর এরশাদনগর, হাজীর মাজার বস্তিসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাজীর মাজার বস্তির ঘর গুলোতে অভিযান চালিয়ে প্রায় এক কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, দুপুরে বস্তির প্রায় প্রতিটি ঘরেই তল্লাশি চালিয়ে মাদক কারবারিদের ঘর লাল রং দিয়ে চিহ্নিত করে পুলিশ। পরে অভিযানে বস্তি থেকে মাদকদ্রব্য বেচাকেনা ও সেবনের অভিযোগে ৩৭ পুরুষ ও ২জন নারীকে গ্রেফতার করা হয়।
অপরদিকে টঙ্গীর আলোচিত এরশাদনগর বস্তি ও আশপাশের এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এফপি/জেএস