পিরোজপুরের কাউখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সহ সৌরভ সাধক (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রবিবার (৩ মে) দিবাগত রাতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের জব্দকাঠি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সৌরভ সাধক জব্দকাঠি গ্রামের রবীন্দ্রনাথ সাধকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এসআই মোঃ মাসুদ আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার জব্দকাঠি এলাকায় অবস্থান নেয়। এসময় পুলিশ সন্দেহভাজন হিসেবে সৌরভ সাধককে তল্লাশি করলে তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা এই সাফল্য পেয়েছি। আটককৃত সৌরভ সাধকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এফপি/অ