রাজশাহীর তানোর উপজেলায় খেলনা আনতে গিয়ে সাপের কামড়ে পায়েল (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৩ মে) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের গুরইল কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত পায়েল উপজেলার গুরইল কৃষ্ণপুর গ্রামের মো. লতিবের মেয়ে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে নিজ বসতঘরের শয়নকক্ষে রাখা খেলনা আনতে যায় পায়েল। এ সময় খেলনার মধ্যে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। হঠাৎ সাপের কামড়ে শিশুটি চিৎকার দিয়ে কান্না শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত ঘরে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে অবস্থার অবনতি হওয়ায় কিছুক্ষণের মধ্যেই তাকে মৃত ঘোষণা করা হয়।
শিশুটির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়। প্রতিবেশীরা জানান, পায়েল খুবই চঞ্চল ও সবার আদরের শিশু ছিল। এমন মর্মান্তিক ঘটনায় পরিবারটি ভেঙে পড়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এফপি/জেএস