পিরোজপুরের কাউখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী ও তার সহযোগীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার কাঠালিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এসআই মাসুদ আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি টিম কাঠালিয়া বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। পুলিশ সন্দেহভাজন হিসেবে উপজেলার আস্পদ্দি গ্রামের আলমগীর হোসেনের ছেলে মোঃ আল-আমিনকে (৩৮) তল্লাশি করলে তার কাছ থেকে ৫পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সহায়তাকারী কচুয়াকাটি গ্রামের অস্থায়ী নিবাসী মোঃ আরিয়ান হসনাত সজল (৫০)কে গ্রেফতার করা হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন সংবাদমাধ্যমকে জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা এই সাফল্য পেয়েছি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।”
এফপি/জেএস