মোংলার সুন্দরবন ইউনিয়নের বাশতলা এলাকা থেকে পুলিশের কাছ থেকে ডোবায় লাফিয়ে পালিয়ে যাওয়া কুখ্যাত সুন্দরবনের ডাকাত সুমনকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতি মামলা দায়েরের পর আজ রবিবার (২৪ মে) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন ইউনিয়নের বাশতলা গ্রামে মাদক উদ্ধার ও আসামি গ্রেফতারে একটি বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। অভিযান চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে এবং একপর্যায়ে পুলিশের হাত থেকে ফসকে পাশ্ববর্তী একটি ডোবায় লাফিয়ে পড়ে কৌশলে পালিয়ে যায় সুন্দরবনের ডাকাত সুমন।
পালিয়ে যাওয়ার কয়েকদিন পর পুলিশ গোপন তথ্যে তাকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত সুমনের বিরুদ্ধে সুন্দরবন অঞ্চলের জলদস্যুতা, ডাকাতি সহ সুনির্দিষ্ট একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী নেটওয়ার্ক নিয়ন্ত্রণ এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।
সুমনকে সুন্দরবনের ডাকাতি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকার চিহ্নিত এই অপরাধী গ্রেফতার হওয়ায় সুন্দরবন ইউনিয়ন ও বাশতলা গ্রামবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই তৎপর ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন।
এফপি/জেএস