পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সেনাসদস্য বহনকারী একটি ট্রেনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। নিহতদের মধ্যে সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
আজ রোববার (২৪ মে) দেশটির প্রাদেশিক রাজধানী কোয়েটায় এ হামলার ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, কোয়েটা থেকে পেশোয়ারগামী ট্রেনটি চামান পাটাক এলাকায় একটি সিগন্যাল অতিক্রম করার সময় বিস্ফোরকভর্তি একটি গাড়ি ট্রেনের একটি বগিতে আঘাত হানে। এতে মুহূর্তেই বিকট বিস্ফোরণ ঘটে এবং কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়।
ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা গেছে, বিস্ফোরণে ট্রেনের বগি দুমড়ে-মুচড়ে গেছে। আহত ও রক্তাক্ত যাত্রীদের স্ট্রেচারে করে সরিয়ে নিতে দেখা যায় উদ্ধারকর্মীদের। আশপাশের বহু গাড়ি আগুনে পুড়ে যায় এবং কাছাকাছি ভবনগুলোর জানালা ও দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়।
একজন কর্মকর্তা জানান, সেনাসদস্যরা পরিবার নিয়ে ঈদের ছুটি কাটাতে যাচ্ছিলেন।
হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। সংগঠনটির তথাকথিত ‘মাজিদ ব্রিগেড’ একে আত্মঘাতী হামলা বলে দাবি করেছে। এক বিবৃতিতে বিএলএ জানায়, পাকিস্তানি বাহিনীর সদস্যদের বহনকারী ট্রেনকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে।
দীর্ঘদিন ধরেই বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী সহিংসতা চলছে। প্রাকৃতিক গ্যাস ও খনিজসম্পদে সমৃদ্ধ হলেও পাকিস্তানের সবচেয়ে দরিদ্র প্রদেশ হিসেবে পরিচিত বেলুচিস্তান। স্থানীয় বিচ্ছিন্নতাবাদীরা অভিযোগ করে আসছে, ইসলামাবাদ সরকার প্রদেশটির সম্পদ ব্যবহার করলেও স্থানীয় জনগণ তার সুফল পাচ্ছে না।
সাম্প্রতিক বছরগুলোতে বিএলএ নিরাপত্তা বাহিনী, অবকাঠামো এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) সংশ্লিষ্ট প্রকল্পে একাধিক হামলা চালিয়েছে।
এফপি/অ